
ডেস্ক নিউজ : আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হয়েও দায়িত্ব পালন করা হলো না গ্রাহাম থর্পের। অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে যোগই দিতে পারেননি। তিন মাস অপেক্ষা শেষে সাবেক এই ইংলিশ ব্যাটসম্যানের জায়গায় এখন নতুন কোচ খুঁজতে শুরু করেছে আফগান ক্রিকেট বোর্ড। বর্তমানে স্থানীয় কোচ রাইস খান আহমাদজাইকে দিয়ে কাজ চালানো হচ্ছে।
দীর্ঘ ১০ বছর ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন থর্প। গত মার্চে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় আফগান ক্রিকেট বোর্ড। এপ্রিলে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু জানা যায়, থর্প অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, তার এই অসুস্থতা ‘গুরুতর’। এই তিন মাসেও থর্পের অবস্থার অগ্রগতি হয়নি। তাই আফগান বোর্ড এখন নতুন কোচ খুঁজছে।
থর্প ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শকের পাশাপাশি মাঝেমধ্যে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। ৫২ বছর বয়সী থর্প আর ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা অনিশ্চিত। এদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান রায়ান ম্যারনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। আর বোলিং কোচ হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল।
কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৪






