
স্পোর্টস ডেস্ক : ২০০২ সালের পর পার হয়ে গেছে চারটি বিশ্বকাপের আসর। এই চার আসরেই খালি হাতে ফিরতে হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনালে হেরে স্বপ্ন ভঙ্গ হয় নেইমারদের। এরপরের আসরে বাঁধা হয়ে দাঁড়ায় বেলজিয়াম, ছিটকে যায় কোয়ার্টার ফাইনাল থেকেই।
এ বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ২০ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছেন ব্রাজিল কোচ তিতে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এই ম্যাচের পর নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচ তিতে,’আমাদের লক্ষ্য বিশ্বকাপে ফাইনালে পৌঁছানো এবং টুর্নামেন্ট জেতা আমাদের স্বপ্ন। ‘
কোরিয়ার বিপক্ষে নেইমার, পাকুয়েতা, রিচার্লিসনরা শুরুর একাদশে থাকলেও বেঞ্চে ছিলেন ভিনিসিয়ুস, ফাবিনহো, কোতিনহো,জেসুসদের মত ফুটবলাররা। তাই এ ম্যাচে সেরা একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে তিতেকে,’সবাইকে নিয়ে সেরা একাদশ সাজানো খুবই কঠিন। এমনকি আমার কোচিং স্টাফদের সঙ্গে কথা বলার পর মনে হয়, সেরা একাদশ সাজানো সহজ নয়। সবাই বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকতে চায় এবং তাঁরা ভাল খেলছে। ‘ আগামী সোমবার টোকিওতে প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।
কিউটিভি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩






