
স্পোর্টস ডেসক্ : আইপিএলের আগের আসরে কলকাতার হয়ে খেলা শুভমান গিলকে এবার ছেড়ে দেয় কলকাতা। মেগা নিলামের আগেই ৭ কোটি রুপিতে তাকে দলে নেয় গুজরাট। দলের শিরোপা জয়ে বড় অবদান আছে গিলের। আসরে ১৬ ম্যাচে ৪৮৩ রান করে রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম অবস্থানে ছিলেন গিল। শিরোপা জয়ে বড় অবদান রেখে গিল বলছেন, আইপিএলের শিরোপা জয় বিশ্বকাপ জেতার সমতুল্য। ফাইনালে রাজস্থানকে হারানোর পর গিল বলেন, ‘এই জয়ের গুরুত্ব বিশাল। যুব বিশ্বকাপ জেতার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে মনে হচ্ছে, বিশ্বকাপ জেতার মতোই বড় ঘটনা আইপিএল জেতা। এ পর্যন্ত পাঁচটি আইপিএল খেলেছি। অবশেষে এবার আইপিএল জেতার সৌভাগ্য হলো।’
ফাইনালে রাজস্থান খুব একটা ভালো করতে পারেনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলারের ব্যর্থতার দিনে মাত্র ১৩০ রান সংগ্রহ করতে সমর্থ হয় রাজস্থান। জবাব দিতে নেমে অবশ্য নবাগতদের শুরুটা ভালো হয়নি। তবে শুভমান একদিকে উইকেট আগলে করেন দায়িত্বশীল ব্যাটিং। ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক পান্ডিয়ার ৩০ বলে ৩৪ এবং মিলারের ঝড়ো ১৯ বলে ৩২ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট ও ১১ বল হাতে রেখেই শিরোপা জিতে নেয় গুজরাট টাইটানস।
অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখা শুভমান বলেন, ‘শেষ পর্যন্ত উইকেটে থাকতে চেয়েছিলাম। কোচের পরিকল্পনাও তেমনই ছিল। শেষ পর্যন্ত ফিনিশিং লাইনটা ছুঁতে পারলাম, এটা আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে। প্রতিপক্ষকে ১৩০ রানের মধ্যে থামিয়ে দিয়ে আমাদের বোলারটা দারুণ কাজ করেছে। প্রথমে লক্ষ্য ছিল ১৫০ রানের মধ্যে ওদের আটকে দেওয়া। সেভাবেই আমরা খেলছিলাম। তবে ১৩০ রানে থেমে ওরাই কাজটা সহজ করে দিয়েছে।’
কিউটিভি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৮






