ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে (মেয়ে) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ। একই সাথে কাবাডি ইভেন্টে (ছেলে) রানার্স আপ হয়েছে বিএমবি। এ উপলক্ষে উক্ত বিভাগ আয়োজন করেন বিজয় উদযাপন ও পূনর্মিলনী অনুষ্ঠান।শনিবার (২ এপ্রিল) গণ বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন, এছাড়াও বিভিন্ন অনুষদীয় ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, বিএমবি বিভাগ নতুন বিভাগ হিসেবে অনেক ভালো করতেছে। এ বিভাগের মাস্টার্স ডিগ্রি চালুর বিষয়ে ইউজিসির সাথে কথা হয়েছে, খুব দ্রুতই এর কার্যক্রম শুরু হবে আশা করছি।
খেলোয়াড়দের ওয়েভার দেওয়া সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে ট্রেজারারসহ অন্যান্যদের সাথে মিটিং করে আমি ওয়েভার পূর্বের নিয়মে যদি চালু থাকে তা দেয়ার চেষ্টা করবো।ড. ফুয়াদ হোসেন বলেন, বিএমবি বিভাগ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও অনেক এগিয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগীতা পেলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে এবং ভালো করবে। বিএমবি বিভাগের জন্য চ্যাম্পিয়ন ট্রফি অবশ্যই অনেক বড় একটি অর্জন।
কিউটিভি/অনিমা/৩রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮
