ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

Ayesha Siddika | আপডেট: ২০ নভেম্বর ২০২৬ - ০১:৫৫:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, একসময় আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীনভাবে নিজেদের অবস্থান তুলে ধরত ভারত। কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আলোচনায় দেশটি ক্রমেই পিছিয়ে পড়ছে। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মতো প্রভাবশালী দেশের সঙ্গে দরকষাকষি করছে।

তিনি বলেন, ‘ভারতের আয়তন ও গুরুত্ব বিবেচনায় বিশ্ব রাজনীতিতে দেশটির স্বাভাবিকভাবেই একটি শক্তিশালী কণ্ঠস্বর থাকার কথা। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আলোচনায় ভারতের সক্রিয় অংশগ্রহণ করা উচিত। কিন্তু বাস্তবতা হলো, ভারত এখন বিশ্ব রাজনীতিতে পার্শ্বচরিত্রে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করছে।’

ভারতের পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত বন্ধুত্বের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন সময়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি বারবার বলেন, তিনি অমুক নেতার বন্ধু। কিন্তু বন্ধুত্বই আসল বিষয় নয়। এভাবে ভূরাজনীতি চলে না। কেউ কারও বন্ধু হলেই কি আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হবে?’

রাহুলকে পাকিস্তানের সমর্থক বলল বিজেপি

রাহুল গান্ধীর বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের আন্তর্জাতিক অবস্থানকে খাটো করার অভিযোগ তুলেছে দলটি।

বিজেপির মুখপাত্র সিআর কেশবন রাহুলের মন্তব্যকে ‘নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেন। তার অভিযোগ, ভারতকে বিশ্ব রাজনীতির পার্শ্বচরিত্র হিসেবে তুলে ধরে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা।

কেশবন বলেন, ‘বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্য শুনে মনে হচ্ছে, তিনি পাকিস্তানের একজন উৎসাহী সমর্থক ও প্রচারক। তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রমাণ করে, বিশ্ব ভূরাজনীতি সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণা নেই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বে ঐকমত্য তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেন বিজেপির এই মুখপাত্র। তার অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব মেনে নিতে পারছে না।

বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারিও রাহুলকে আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, পাকিস্তান নিয়ে রাহুলের এত আগ্রহ কেন?ভান্ডারি বলেন, ‘রাহুল গান্ধী পাকিস্তান নিয়ে এতটা আচ্ছন্ন কেন? আন্তর্জাতিক প্রতিটি মঞ্চেই তাকে পাকিস্তানের সমর্থকের মতো আচরণ করতে দেখা যায়।’

তিনি দাবি করেন, পাকিস্তানের পরিবর্তে ভারতই রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে কূটনৈতিক ভূমিকার জন্য প্রশংসিত হয়েছে। ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে।

এ সময় ২০০৮ সালের মুম্বাই হামলার পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ভূমিকা এবং শারম আল-শেখ যৌথ বিবৃতির প্রসঙ্গ টেনে রাহুলের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা।

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

আয়শা/২০ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৫৫

▎সর্বশেষ

ad