ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা

Ayesha Siddika | আপডেট: ২০ নভেম্বর ২০২৬ - ০১:৪৬:০৯ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরের কিছু বেশি সময়ে ৫৯২টি সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত এবং ৯৬২ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা আইন প্রয়োগ জোরদার, নিরাপদ অবকাঠামো নিশ্চিত এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

৫৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের প্রায় ৩৫ কিলোমিটার মুন্সীগঞ্জ জেলার মধ্য দিয়ে গেছে। এটি ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ।

দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, এই এক্সপ্রেসওয়েতে প্রতি মাসে গড়ে প্রায় ১২টি দুর্ঘটনা ঘটছে। দ্রুত যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নির্মিত মহাসড়কটিতে নিরাপত্তা ঝুঁকি যে এখনো বিদ্যমান, এ পরিসংখ্যান তা স্পষ্ট করে।

বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা দুর্ঘটনার অন্যতম কারণ। তাদের সতর্কবার্তা, শুধু প্রযুক্তিনির্ভর নজরদারি দিয়ে দীর্ঘমেয়াদে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এজন্য নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি অবকাঠামোগত ঝুঁকিও দূর করতে হবে।

আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমাতে হবে :

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ বলেন, গতিসীমা নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করে যথাযথ নজরদারি ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের ওপর।

তিনি বলেন, অপরাধ শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অপরাধ শনাক্ত করেও কোনো ব্যবস্থা না নিলে শুধু ক্যামেরা স্থাপন করে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এক্সপ্রেসওয়েতে স্থাপিত স্পিড ক্যামেরার উদাহরণ দিয়ে মাহমুদ বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি যানবাহনের নিয়ম ভঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ অন্যান্য মহাসড়কে পরিকল্পিত এআই-ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু হলে ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে তিনি জোর দিয়ে বলেন, প্রভাবশালী ব্যক্তি কিংবা পরিবহন মালিক-শ্রমিক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার না করে সবার ক্ষেত্রে সমানভাবে ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে। বেছে বেছে আইন প্রয়োগ করলে জনগণের আস্থা নষ্ট হয় এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুরো অংশ এআই-চালিত ক্যামেরার নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ব্যবস্থায় অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, জাতীয় মহাসড়কগুলোকে এআই নজরদারির আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক সড়কেও এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অবকাঠামোতেই :

বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে এক্সপ্রেসওয়ের আশপাশে বসবাসকারী মানুষের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে দৈনন্দিন প্রয়োজনে যেসব পথচারীকে মহাসড়ক পারাপার হতে হয়, তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ বলেন, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের আশপাশের কিছু এলাকায় পথচারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব রয়েছে বলে তার কাছে মনে হয়েছে।

তিন দিনের সফরে নিজের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব এলাকায় মানুষের চলাচল বেশি, সেগুলো গবেষণার মাধ্যমে চিহ্নিত করে উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ওভারপাস কিংবা আন্ডারপাসের অবস্থান দূরে হলে অথবা সেগুলো ব্যবহার করা অসুবিধাজনক হলে স্থানীয় বাসিন্দারা অনেক সময় মূল সড়ক দিয়েই পারাপারের চেষ্টা করেন।

এ বিষয়ে একজন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের ঘনবসতি এবং সড়কের পাশে জনবসতি থাকায় এক্সপ্রেসওয়ে পরিকল্পনা করা বেশ চ্যালেঞ্জিং। শুধু অবকাঠামোগত নিয়ম পূরণের জন্য পথচারী পারাপারের ব্যবস্থা করলেই হবে না; স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সহজে ব্যবহারযোগ্য পারাপার সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি ঢাকামুখী একটি সড়কে সেতুর সংযোগস্থলের ঢাল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, বিশেষ করে বৃষ্টি কিংবা অন্ধকারের সময় ওই ঢালের কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে দক্ষ প্রকৌশলীদের মাধ্যমে কারিগরি মূল্যায়ন প্রয়োজন।

প্রবেশ নিয়ন্ত্রণ ও গতিসীমা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এক্সপ্রেসওয়ের নিরাপত্তা বজায় রাখতে কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য।

তিনি আরও বলেন, নসিমন ও করিমনের মতো ধীরগতির স্থানীয় যানবাহন উচ্চগতির সড়কে চলাচলের অনুমতি দেওয়া উচিত নয়।

এছাড়া সার্ভিস রোড, আন্ডারপাস ও ওভারপাস যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে স্থানীয় যানবাহন ও পথচারীদের মূল সড়কে প্রবেশ করতে না হয়।

মাহমুদ বলেন, বাংলাদেশের বিদ্যমান গাড়ি চালানোর সংস্কৃতি এবং আইন প্রয়োগের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে গতিসীমা নির্ধারণ করা উচিত। অন্যান্য দেশে উচ্চগতিতে গাড়ি চালানোর সুযোগ থাকলেও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত না করে গতিসীমা বাড়ালে দুর্ঘটনার ঝুঁকি ও ভয়াবহতা দু’টিই বাড়তে পারে।

মোটরসাইকেলের নিরাপত্তায় আরও গুরুত্ব প্রয়োজন :

মোটরসাইকেল দুর্ঘটনাও একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। কারণ, সংঘর্ষের সময় মোটরসাইকেল চালকদের শারীরিক সুরক্ষা তুলনামূলকভাবে কম থাকে বলে জানান মাহমুদ।

তিনি বলেন, চালক ও আরোহী উভয়েরই মানসম্মত হেলমেট পরা বাধ্যতামূলক করতে হবে। নিম্নমানের ও সস্তা হেলমেট দুর্ঘটনার সময় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না।

মোটরসাইকেল চালকদের গ্লাভস, কনুই ও হাঁটু রক্ষাকারী গার্ড ব্যবহার এবং নিরাপদ গতিতে চলাচলেরও পরামর্শ দেন তিনি। গুরুতর আহত ও প্রাণহানির ঘটনা কমাতে এসব নিরাপত্তাবিধি কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন।

ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে বৈজ্ঞানিক তদন্ত জরুরি :

ড. তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত, বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে স্বাধীন তদন্ত প্রয়োজন।

তিনি দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি আহতদের ৩০ দিন পর্যন্ত অনুসরণ করার আহ্বান জানান। এতে দুর্ঘটনায় আহত হওয়ার পর পরবর্তী সময়ে কেউ মারা গেলে সেই তথ্যও মৃত্যুর পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রকৃত চিত্র পাওয়া যাবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, দুর্ঘটনার পেছনে সড়কের নকশা ও অবকাঠামোর মতো ভৌত কারণ এবং মানুষের আচরণ ও মনস্তত্ত্বের মতো অবস্তুগত কারণ— উভয়ই জড়িত। কার্যকর সমাধান প্রণয়নের আগে এসব বিষয় যথাযথভাবে তদন্ত করতে হবে।

তিনি নির্বাচিত কয়েকটি সড়কে স্থানীয় জনগোষ্ঠী ও কারিগরি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে পরীক্ষামূলক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেন।

এছাড়া বড় অবকাঠামো প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই, ট্রাফিক জরিপ, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা, পরিবেশগত মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

 

আয়শা/২০ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৪৩

▎সর্বশেষ

ad