বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ব্যস্ততার মাঝেও সহপ্রতিযোগীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তিনি। এবার পুয়ের্তো রিকো থেকে নিজের দ্বিতীয় দিনের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন এই সুন্দরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টে মাহি জানান, প্রতিযোগিতার দ্বিতীয় দিনটি ছিল বেশ আনন্দময়। পুয়ের্তো রিকোর ভিভো বিচ ক্লাবে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। ছোট ছোট আনন্দের মুহূর্ত, হাসি আর নতুন স্মৃতি মিলিয়ে দিনটি তাঁর কাছে হয়ে উঠেছে বিশেষ।
পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, পুয়ের্তো রিকোতে দ্বিতীয় দিনটি কাটছে সুন্দর স্মৃতি তৈরির মধ্য দিয়ে। সহপ্রতিযোগী সুন্দরীদের সঙ্গে কাটানো সময়গুলো ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
মাহির শেয়ার করা ছবিগুলোতে প্রতিযোগিতার বাইরের এক আনন্দমুখর পরিবেশের ঝলক দেখা গেছে। নতুন বন্ধুত্ব ও অভিজ্ঞতার মধ্য দিয়ে আন্তর্জাতিক এই আয়োজনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বাংলাদেশের প্রতিনিধি।
উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব অর্জন করে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন দেশের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।
আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২২
