স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
এবার নতুন আইপিএল আসরকে সামনে রেখে আবারও নিলামে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে আসন্ন মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এই নিলাম।
নিলামের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজের পাশাপাশি এবার নিলামে নাম জমা দিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পাওয়ার সুযোগ হয়েছিল কেবল মোস্তাফিজের।
আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:১২
