প্রায় এক যুগের পর বানসালি প্রোডাকশনের সিনেমায় কারিনা কাপুর

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ১০:১২:৫৭ পিএম

বিনোদন ডেস্ক : এক যুগেরও বেশি সময় পর আবারও বানসালি প্রোডাকশনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে এবার ছবিটি পরিচালনা করবেন না সঞ্জয় লীলা বানসালি। পরিচালক হিসেবে থাকছেন খিচড়ি, সারাভাই ভার্সেস সারাভাই ও বা বহু অউর বেবির মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের নির্মাতা ও চিত্রনাট্যকার আতিশ কাপাডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি প্রযোজনা করবেন সঞ্জয় লীলা ভানসালি। ছবির গল্প, অন্যান্য শিল্পী ও শুটিংয়ের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পরিচালক আতিশ কাপাডিয়া
আতিশ কাপাডিয়া মূলত সংলাপনির্ভর কমেডি ও টেলিভিশন কাজের জন্য পরিচিত। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি বড় বাজেটের পিরিয়ড ড্রামা ও দর্শনীয় নির্মাণশৈলীর জন্য পরিচিত। ফলে কারিনাকে নিয়ে বানসালি প্রোডাকশন্সের নতুন ছবিতে কাপাডিয়ার পরিচালক হিসেবে যুক্ত হওয়ার খবরটি বলিউডে বেশ চমক তৈরি করেছে।
বানসালির বর্তমান ব্যস্ততা শেষ হওয়ার পর ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে পারে বলে জানা গেছে। তার পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।
 
এক দশক আগে ভেঙে গিয়েছিল জুটি
কারিনা কাপুর খানের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির কাজ করার পরিকল্পনা অবশ্য নতুন নয়। ২০১৩ সালে মুক্তি পাওয়া গোলিও কি রাসলীলা রাম-লীলা ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে কারিনাকে নেওয়ার কথা ছিল। সে সময় বানসালিও এই জুটির বিষয়টি নিশ্চিত করেছিলেন।
তবে শুটিং শুরুর আগে সময়সূচি ও চুক্তিসংক্রান্ত জটিলতার কারণে কারিনা ছবিটি থেকে সরে যান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে তার জায়গায় দীপিকা পাড়ুকোনকে নেওয়া হয়। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে দীপিকা অভিনীত ছবিটি বানসালির অন্যতম আলোচিত সিনেমা হয়ে ওঠে।
এবার নতুন এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর কারিনা ও বানসালি প্রোডাকশন্সের সহযোগিতা হতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এর কাস্ট, নির্মাণ ও মুক্তির সময়সূচি নিশ্চিত নয়।
সূত্র: সামা টিভি

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad