কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

Ayesha Siddika | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১০:১২:৩৩ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হওয়ার পর আবার শুটিংয়ে ফিরেছেন। নতুন করে শুটিং ফ্লোরে কাজের অভিজ্ঞতা এবং মা হওয়ার সময়ে এক ভীতিকর ও চরম মানসিক যন্ত্রণার গল্প শেয়ার করে নিলেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। ওটিটি সিরিজের শুটিং চলাকালে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, তার সঙ্গে জীবনের এক বিশেষ মুহূর্ত অনুভব করেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে গল্পই তুলে ধরলেন পরিণীতি চোপড়া। 

মাতৃত্বের চরিত্রটি মানসিক যন্ত্রণার কথা চিন্তা করলে এখনো শিউরে ওঠেন পরিণীতি চোপড়া। নিজের সন্তানের মুখ দেখার পর এ ধরনের পরিস্থিতির কথা চিন্তা করলেও যে কতটা বুকফাটা যন্ত্রণা তৈরি হতে পারে, তা এখন তীব্রভাবে অনুভব করেন তিনি।

পরিণীতি চোপড়া খোলামেলাভাবেই স্বীকার করে নিয়েছেন, শুটিং করার আগে যদি নিজের সন্তান জন্ম  নিত, তবে পর্দার এই মর্মান্তিক যন্ত্রণাদায়ক চরিত্রে অভিনয় করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে উঠত। নতুন এ সিরিজে তাকে দেখা যাবে একজন অসহায় মায়ের ভূমিকায়। 

ওটিটি সিরিজের গল্পের প্রেক্ষাপটও ঠিক এমনই— জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার সদ্যোজাত কন্যাসন্তান। সন্তানকে ফিরে পেতে বছরের পর বছর এক মা যেভাবে আকুল হয়ে লড়াই চালিয়ে যান, সেই পথচলাই ফুটে উঠেছে এ সিরিজে। তিনি বলেন, ২০২৫ সালে যখন তিনি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন, ঠিক তখনই জোরকদমে চলছিল এই বহুল আলোচিত সিরিজের শুটিং। 

তবে সন্তান জন্ম নেওয়ার আগেই দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাওয়াকে এক প্রকার আশীর্বাদ বলেই মনে করছেন তিনি। মা হওয়ার অনুভূতি পাওয়ার পর এ ধরনের সংবেদনশীল দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়ানো তার পক্ষে মানসিক দিক থেকে কোনোভাবেই সম্ভব হতো না বলে জানান পরিণীতি চোপড়া। 

 

 

আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad