নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

Ayesha Siddika | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:১৫:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে অবশেষে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে আবুধাবি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, রোববার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু।

আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণেই সফর করেছেন। তবে সফরটি এমন সময়ে হলো, যখন ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল কি না—এ নিয়ে নতুন করে বিতর্ক চলছে।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ সম্প্রতি দাবি করে, ৭ অক্টোবরের হামলার প্রায় ১০ দিন আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ ফোনে নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় ধরনের অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন। নেতানিয়াহুর কার্যালয় অবশ্য এই দাবি অস্বীকার করেছে এবং প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।

তবে আইসিসির ওয়ারেন্টভুক্ত নেতানিয়াহুর সাম্প্রতিক সফরকে ঘিরে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়, নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্টের কাছে ওই সতর্কবার্তার প্রতিবেদন অস্বীকার করার অনুরোধ করেছিলেন। তবে আমিরাত সরাসরি ওই অভিযোগের সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আদান-প্রদান হয়ে থাকে।

এদিকে রয়টার্স জানিয়েছে, তিনজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা বলেছেন, রোববারের বৈঠক প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয় এবং আলোচনায় ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পায়। তবে আমিরাতের আনুষ্ঠানিক বিবৃতিতে বৈঠকের আলোচ্যসূচি হিসেবে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কথা বলা হয়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আমিরাত ও ইসরাইলের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।

 

 

আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad