২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Anima Rakhi | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ - ০১:০৮:১১ এএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর রাতে দুবাই পৌঁছানোর পর প্রায় ছয় ঘণ্টা ট্রানজিট শেষে ২৭ সেপ্টেম্বর রাত ২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি

সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। নিউইয়র্কে ২২ সেপ্টেম্বর থেকে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

সফরের প্রথম দিন জাতিসংঘ মহাসচিবের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বৈশ্বিক বৈষম্য মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এদিন বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি সাইড ইভেন্টেও অংশ নেবেন তিনি। সেখানে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করার কথা রয়েছে।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সূচি রয়েছে।

অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ী ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশে বিনিয়োগ, উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে।

কিউটিভি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১:০৭

▎সর্বশেষ

ad