যুক্তরাষ্ট্রের মিথ্যা বক্তব্য বিশ্বাস করে না বিশ্ব: ইরান

Ayesha Siddika | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৫৫:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব যুক্তরাষ্ট্রের মিথ্যা বক্তব্য বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের বক্তব্যকে সরল ও ভণ্ডামিপূর্ণ বলে প্রত্যাখ্যানও করেন বাঘাই। তার ভাষ্যমতে, মার্কিন প্রশাসন এখনো এমনভাবে আচরণ করছে যেন বিশ্বের দেশগুলোর অতীতে কোনো স্মৃতি নেই কিংবা কোনো বিষয় বিশ্লেষণ করার ক্ষমতা নেই। 

বাঘাই আরও বরেন, ওয়াশিংটন বিশ্বের সঙ্গে এমন আচরণ করছে যেন সবাই চিন্তাভাবনা বন্ধ করে ওয়াশিংটনের কথার ওপর নির্ভর করছে। কোনো প্রশ্ন ছাড়াই তারা যা বলবে তা বিশ্বাস করে নিতে হবে। ইরানের এই মুখপাত্র বলেন, একদিকে রয়েছে ইরানের প্রতিটি নাগরিকের সর্বোচ্চ কষ্ট ও দুর্ভোগে ফেলার উদ্দেশ্যে নেওয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। অন্যদিকে ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পাইকারি পণ্যের দোকান থেকে কেনাকাটা করতে না পারেন, সেজন্য নেওয়া কূটনৈতিক পদক্ষেপকে বড় করে তুলে ধরা হচ্ছে।

বাঘাই আরও বলেন, পুরো একটি দেশের মানুষের জীবিকা ধ্বংস করার মতো নিষেধাজ্ঞা আরোপ করাকে উদযাপন করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, দোকানের সদস্যপদ কার্ড নিয়ে গুরুগম্ভীর বক্তব্য দিচ্ছে তা দেশটির নীতির অসংগতি প্রকাশ করে। তার মতে, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নীতির পেছনে যে চিন্তাভাবনা কাজ করছে এসব বক্তব্যের মধ্যে দিয়ে তার সীমাবদ্ধতা ফুটে উঠেছে। 

 

 

আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad