স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। পুরস্কার বিতরণীর এখনও প্রায় দেড় মাস বাকি থাকলেও সম্ভাব্য বিজয়ী নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তুঙ্গে।
মুভিস্টার প্লাসের এক অনুষ্ঠানে ইয়ামাল বলেন, এবারের ব্যালন ডি’অরের জন্য তার চোখে সেরা দুই খেলোয়াড় হলেন কিলিয়ান এমবাপ্পে ও তিনি নিজে। নিজের অর্জন ও চলতি মৌসুমের সাফল্যের বিবেচনায় পুরস্কারটি পাওয়ার যোগ্য বলেও মনে করেন স্প্যানিশ এই তরুণ।
ইয়ামালের এমন মন্তব্যের সমালোচনা করেছেন আবেলারদো। তার মতে, নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা দোষের নয়, কিন্তু সেটি প্রকাশ্যে এভাবে বলা ঠিক নয়। আবেলারদো বলেন, ‘তুমি এটা মনে করতেই পারো, কিন্তু প্রকাশ্যে বলা উচিত নয়। আমার কাছে বিষয়টি ভালো লাগেনি, কারণ এতে তোমাকে ভালোভাবে উপস্থাপন করা হয় না।’
সাবেক এই বার্সা তারকার মতে, ইয়ামাল চাইলে আরও সংযত ভাষায় নিজের দাবিটা তুলে ধরতে পারতেন। তিনি বলেন, ‘তুমি বলতে পারতে, আমি হয়ত শক্তিশালী প্রার্থীদের একজন। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে উঠবে, সেটা তুমি নিশ্চিতভাবে জানো না।’
স্পেনের হয়ে ৫৪টি ম্যাচ খেলা আবেলারদো নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে লিওনেল মেসির কথাও টেনেছেন। তার দাবি, এত বড় তারকা হয়েও মেসিকে কখনো প্রকাশ্যে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে এমন মন্তব্য করতে শোনা যায়নি। আবেলারদোর ভাষায়, ‘লামিনের এই কথাগুলো আমার পছন্দ হয়নি। আমি কখনো মেসিকে এমন বলতে শুনিনি, অথচ সে ছিল ফুটবলের ঈশ্বর।’
আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০
