দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক

Ayesha Siddika | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:৩০:৪৭ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে মাদ কবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলার ফান্দা নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালান প্রবেশের খবর পায় বিজিবি। সেই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। মাদকের চালান ধরতে টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২/৩-এস হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।

একপর্যায়ে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক স্থানে সন্দেহভাজন পরিস্থিতি লক্ষ করে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারিরা বিজিবির ধাওয়া খেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে আনা ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। ৩১ বিজিবি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ভারতীয় মদ এবং জব্দকৃত ইজিবাইক ও বাইসাইকেল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে।

 

 

আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৩

▎সর্বশেষ

ad