চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

Ayesha Siddika | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:০৩:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনে শুরুটা প্রত্যাশামতো না হলেও টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই নিজের পরিচিত ছন্দে ফিরছেন জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভ। ইতালির লুসিয়ানো দারদেরিকে সরাসরি তিন সেটে হারিয়ে এবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেছেন জভেরেভ। প্রথম সেটের শেষ দিকে নিজের সার্ভিসে কিছুটা চাপে পড়লেও সেটটি সহজেই ৬-২ ব্যবধানে জিতে নেন ২০২০ ইউএস ওপেনের রানার্সআপ। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন তিনি। দারদেরির একটি ভুল ড্রপ শটের সুযোগ কাজে লাগিয়ে তার সার্ভিস ব্রেক করেন জভেরেভ। এরপর টানা গেম জিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যান ফ্রেঞ্চ ওপেনজয়ী এই খেলোয়াড়। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটও ৬-২ ব্যবধানে জিতে ম্যাচে ২-০ লিড নেন তিনি।

তৃতীয় সেটে অবশ্য লড়াই জমিয়ে তোলেন দারদেরি। সেটের শুরুতে দুর্দান্ত টেনিস খেলে জভেরেভকে বেশ চাপে ফেলেন ইতালিয়ান এই খেলোয়াড়। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচে ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন জভেরেভ। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-৩ ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করেন তিনি।

এবারের ইউএস ওপেনে এটিই জভেরেভের প্রথম ম্যাচ, যা মধ্যরাতের আগেই শেষ হলো। স্থানীয় সময় রাত ১১টা ৪৮ মিনিটে ম্যাচ শেষ হওয়ার পর নিজের ঘড়ির দিকে ইঙ্গিত করে মজার ছলে তিনি বলেন, মধ্যরাতের আগেই ম্যাচ শেষ হওয়ায় এখন কী করবেন, সেটিই বুঝতে পারছেন না। এরপর অবশ্য হাসতে হাসতে জানান, তিনি মজা করছেন এবং নিজের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট।

জভেরেভ বলেন, প্রথম দুই ম্যাচের তুলনায় ধীরে ধীরে তার খেলার মান উন্নত হচ্ছে। তৃতীয় সেটে দারদেরির পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি। জার্মান তারকার মতে, ওই সময় দারদেরি অসাধারণ গতিতে ও ধারাবাহিকভাবে বল মারছিলেন এবং তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিলেন।

ইউএস ওপেনে এটি জভেরেভের পঞ্চম কোয়ার্টার ফাইনাল। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বোটিক ভান দে জান্ডশুল্প। দুজনের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে আগামীকাল।

 

 

আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad