নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব–২০২৬ উপলক্ষে আন্তঃবিভাগীয় ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭সেপ্টেম্বর) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফাইনাল বিতর্কের প্রস্তাবনা ছিল— “কঠোর আইন নয়, বরং সামাজিক সচেতনতাই অপরাধমুক্ত সমাজ গঠনের একমাত্র চাবিকাঠি।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন – নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবীর আহম্মেদ। জেলা প্রশাসক মহোদয় ফাইনাল বিতর্ক প্রতিযোগিতাটি সম্পূর্ণ উপভোগ করেন এবং তাঁর বক্তব্যে যুক্তিনির্ভর চিন্তাশক্তি, সত্য ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা আরও বিস্তৃত করতে বিতর্ক ক্লাবের কার্যক্রম ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রাণবন্ত ফাইনাল বিতর্কে ইংরেজি বিভাগকে পরাজিত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও শ্রেষ্ঠ বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে নেত্রকোণা সরকারি কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞতাপত্র প্রদান করা হয়। “আমরা গড়বো, যুক্তিতে লড়বো—সত্যে, জ্ঞানে, তত্ত্বে নিজেকে, দেশকে সমৃদ্ধ করবো।” যুক্তির আলোয় আলোকিত হোক তারুণ্য, বিতর্কের চর্চায় গড়ে উঠুক সত্যসন্ধানী ও যুক্তিবাদী প্রজন্ম। এসময় উপস্থিত ছিলেন – নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী।
আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:০০
