স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটে বিতর্ক থামার নাম নেই। ইংল্যান্ডের কাছে পর পর দুই টেস্টে লজ্জার হারের পর আত্মবিশ্বাস তলানিতে। এর মাঝেই সাত ক্রিকেটার ও দুই কোচকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দলের অস্থির পরিস্থিতিতে যোগ হয়েছে আরও এক অপ্রত্যাশিত ঘটনা। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানি সংবাদমাধ্যম ৩৬৫ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের ফোন পিসিবির কাছে জমা রাখা হয়েছে। এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত সেগুলো বোর্ডের প্রতিনিধিদের কাছেই থাকবে।
তবে কোন কোন খেলোয়াড়ের ফোন নেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি। কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এই ঘটনায় খেলোয়াড়দের ব্যক্তিগত মোবাইল ফোনের ওপর ক্রিকেট বোর্ডের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক ম্যাচ চলাকালে খেলোয়াড়দের ড্রেসিংরুম বা ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি নেই। তবে এবারই প্রথম কোনো ক্রিকেট বোর্ড পুরোপুরি খেলোয়াড়দের মোবাইল ব্যবহার বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মাঠের বাইরেও পাকিস্তান ক্রিকেটে চলছে নানা ঘটনা। দ্বিতীয় টেস্টে চোটের কারণে ব্যাটিং না করা ইমাম-উল-হকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে পিসিবি। অভিযোগ উঠেছে, তিনি নাকি তার কাফের চোটের বিষয়টি সাজিয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞাও হতে পারে।
সিরিজের প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর পাকিস্তান দলে এসেছে বড়সড় পরিবর্তন। শেষ টেস্টের আগে সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দলে ডাকা হয়েছে আরও সাতজনকে।
শুধু ক্রিকেটারই নয়, দেশে পাঠানো হয়েছে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে। বার্মিংহামে শেষ টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মাইক হেসন আর বোলিং কোচ হিসেবে কাজ করবেন অ্যাশলে নফকে। তারা দুজনই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ।
বুধবার ওয়াইট ওয়াশ এড়ানোর মিশনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
কিউটিভি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৫৪
