আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় ভারতের বহুজাতিক কোম্পানি টাটা কেমিক্যালসকে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কোম্পানিটির দীর্ঘদিনের উপস্থিতি দেশের মানুষের বা অর্থনীতির কোনো উপকারে আসেনি বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট রুটো আরও বলেন, টাটা কেমিক্যালসের স্থলাভিষিক্ত হিসেবে ব্যবসা পরিচালনা করতে কেনিয়া সরকার দুটি নতুন প্রতিষ্ঠানকে নিয়ে আসবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে কঠোর বার্তা দিয়ে প্রেসিডেন্ট রুটো বলেন, ‘ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা তেমন কিছুই তৈরি করেনি, স্থানীয়দের জন্য কোনো উল্লেখযোগ্য কারখানাও গড়ে তোলেনি।’
নিজের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটি নতুন কোম্পানিকে এখানে নিয়ে আসব… একটি কোম্পানি এখানে কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্য কোম্পানিটি রাসায়নিক উৎপাদন করবে। আমরা কি অন্য দেশের বা প্রতিষ্ঠানের দাস হয়ে থাকব?’প্রেসিডেন্ট রুটোর এই আকস্মিক সিদ্ধান্ত এবং কড়া সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান টাটা কেমিক্যালস লিমিটেড-কে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে এবং সোডা অ্যাশ রফতানি পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।
তথ্যসূত্র: এপি
আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৫
