‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ০৪:১৫:১১ পিএম

বিনোদন ডেস্ক : ‘টক্সিক’ সিনেমা মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ ও অভিনেত্রী কিয়ারা আদভানি। এ সিনেমায় দুই তারকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুক্তির আগেই শুরু হয়েছিল তর্কবিতর্ক। বিশেষ করে ‘তবাহী’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

কোনো অভিনেত্রী বিয়ের পর কিংবা মা হওয়ার পর কেন পর্দায় ঘনিষ্ঠ কিংবা সাহসী চরিত্রে অভিনয় করতে পারবেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে সমালোচনাকারী নেটিজেনদের এমন প্রশ্ন তুলেছেন টালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বলেন, কোনো সিনেমা মুক্তির আগেই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে মতামত তৈরি করে ফেলা অত্যন্ত সমস্যাজনক। বিশেষত অভিনেত্রীদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি দেখা যায়।

স্বস্তিকা বলেন, কোনো চরিত্র বা সিনেমার প্রেক্ষাপট না জেনেই শুধু একটি অন্তরঙ্গ দৃশ্য দেখেই অভিনেতা-অভিনেত্রীকে বিচার করা উচিত নয়। দর্শক জানেন না সেই সিনেমায় সেই দৃশ্যটির প্রেক্ষাপট কী, চরিত্রটির গুরুত্ব কতটা কিংবা পরিচালক কীভাবে সেটিকে পর্দায় উপস্থাপন করছেন।   

তিনি বলেন, অথচ শুধু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে বলেই অনেকে নিজেদের মতামত তৈরি করে ফেলছেন এবং সামাজিক মাধ্যমে মন্তব্য শুরু করে দিচ্ছেন। অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তা নিয়েই আরও সরব হন স্বস্তিকা মুখোপাধ্যায়। একজন অভিনেত্রী কি শুধুই ‘ভদ্র’ বা নির্দিষ্ট ধরনের চরিত্রে অভিনয় করার জন্য দর্শকদের কাছে দায়বদ্ধ? এমন প্রশ্নে রসিকতার সুরে তিনি বলেন, কিয়ারা কি দর্শকদের সঙ্গে কোনো চুক্তি করেছিলেন যে, তিনি শুধু মাদার তেরেসার মতো চরিত্রেই অভিনয় করবেন?   

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সে কারণেই ‘টাক্সিক’-এ যশের সঙ্গে কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে আরও বেশি সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তোলেন— একজন মা কীভাবে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে পারেন? সেই যুক্তির তীব্র বিরোধিতা করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বলেন, মাতৃত্ব ও যৌনতা—দুটিকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার প্রবণতা থেকেই এ ধরনের মন্তব্য আসে। তিনি মনে করিয়ে দেন, সন্তান পৃথিবীতে আসে বাবা-মায়ের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেই। অথচ সমাজ এখনো যৌনতাকে মানুষের জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত নয় বলে জানান অভিনেত্রী।

 

 

আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad