আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ০৪:০৪:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : লাদাখের পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে কখনো দেখা হয়নি—বলিউড অভিনেতা আমির খানের এমন দাবির জবাবে রসিকতা করে পালটা মন্তব্য করেছেন ওয়াংচুক। তিনি জানান, তাদের মধ্যে শুধু দেখা নয়, বরং দীর্ঘ সময় ধরে কথাবার্তাও হয়েছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছিল। আমিরের স্মৃতিতে সেই সাক্ষাৎ না থাকার কারণ হিসেবে তিনি মজা করে ২০০৮ সালের চলচ্চিত্র ‘গজনি’র চরিত্রের প্রসঙ্গ টেনেছেন।

তার বক্তব্য ছিল, ছবিটি নির্মাণের সময় তিনি ওয়াংচুক সম্পর্কে জানতেন না। এমনকি পরিচালক রাজকুমার হিরানি এবং চিত্রনাট্যকার অভিজাত যোশিও তখন ওয়াংচুককে চিনতেন না বলে দাবি করেন তিনি। আমিরের এই বক্তব্যের পর পুরোনো একটি ভিডিওর প্রসঙ্গ তুলে ধরেন ওয়াংচুক। ভিডিওটিতে আমিরকে এমন একটি অনুষ্ঠানে দেখা যায়, যেখানে ওয়াংচুকও উপস্থিত ছিলেন এবং নিজের বক্তব্য দিচ্ছিলেন। 

রসিকতার সুরে ওয়াংচুক বলেন, আমির হয়তো চরিত্রের মধ্যে এতটাই ডুবে ছিলেন যে তার ‘স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ’ হয়ে গিয়েছিল এবং ১৫ সেকেন্ডের মধ্যেই ঘটনাটি ভুলে গিয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করেন, তাদের সাক্ষাৎ কোনো আনুষ্ঠানিক পরিচয়পর্বে সীমাবদ্ধ ছিল না; বরং তারা বিস্তারিতভাবে কথা বলেছিলেন এবং বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করেছিলেন।

ওয়াংচুক আরও বলেন, অভিনেতারা তাদের চরিত্রের মধ্যে গভীরভাবে ঢুকে যান—এমন কথা প্রায়ই শোনা যায়। তাই হয়তো আমির গজনি চরিত্রে এতটাই নিমগ্ন ছিলেন যে, যে অনুষ্ঠানে ওয়াংচুক পুরস্কার গ্রহণ করছিলেন, সেই সাক্ষাতের কথাও তার মনে নেই। তবে থ্রি ইডিয়টস নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ওয়াংচুক বলেন, তিনি কখনোই ছবিটিকে তার জীবনের সরাসরি প্রতিচ্ছবি বা জীবনী হিসেবে দাবি করেননি।

ওয়াংচুকের ধারণা, আমির তাদের আলোচনায় উঠে আসা কিছু ভাবনা নিজের দলের সঙ্গে শেয়ার করে ভিন্নভাবে চলচ্চিত্রে ব্যবহার করে থাকতে পারেন। এমনও হতে পারে, সহ-লেখক বা পরিচালকরা সেই ধারণাগুলোর উৎস সম্পর্কে জানতেন না। তবে বিষয়টি নিয়ে তার কোনো ক্ষোভ নেই বলেও জানান তিনি।

ওয়াংচুক জানান, যদি তার সঙ্গে আলোচনার কোনো ধারণা ছবিতে ব্যবহৃত হয়ে থাকে, তাতে তার আপত্তি নেই্

তিনি বলেন, এতে আমার কোনো পার্থক্য পড়ে না। যেতে দিন।

সূত্র: এনডিটিভি

 

 

আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad