স্পোর্টস ডেস্ক : আবারও নিজের জাত চেনালেন কাভান সুলিভান। মেজর লিগ সকারের ম্যাচে বাম পায়ের চমৎকার শটে গোল করলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ। ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে তিনি রাখলেন বড় অবদান।
প্রতিপক্ষের মাঠে রোববার ভোরে এমএলএসের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। দলের জয়ে দ্বিতীয় গোলটি করেন কাভান সুলিভান। অন্য দুই গোল আসে মিলান ইলোস্কি ও নিল পিয়েরের মাধ্যমে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মাঝমাঠ থেকে ডান পাশে লম্বা করে পাস দেন ড্যান জিন জ্যাকস। ডি বক্সের বাইরে কিছুটা লাফিয়ে ডান পায়ে বলের নিয়ন্ত্রণ নিয়েই বক্সের ভেতরে ঢুকে যান কাভান। পরে চমৎকার ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে সুবিধাজনক জায়গায় এসে বাম পায়ে গোলা ছুঁড়ে বসেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা। ডান দিকে ঝাঁপালেও তা ঠেকানো সম্ভব হয়নি রেড বুলস গোলকিপারের।
চলতি লিগে কাভানের এটি তৃতীয় গোল। এর সঙ্গে তিনটি অ্যাসিস্টও করেছেন ১৬ বছর বয়সী তরুণ মিডফিল্ডার।
কাভানের গোলের আগে ২১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইলোস্কি। আর ৬৫ মিনিটে পিয়েরে তৃতীয় গোল করলে নিশ্চিত হয়ে যায় ফিলাডেলফিয়ার জয়। ৭৪ মিনিটে একটি গোল শোধ করেন চুপো-মোটিং।
এই জয়ে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১২ নম্বরে অবস্থান করছে ফিলাডেলফিয়া।
কিউটিভি/অনিমা/২৯ অগাস্ট ২০২৬,/সকাল ১১:২০
