আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের ‘যুদ্ধবাজ’ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার
এক বক্তব্যে এরদোগান বলেন, ‘ইহুদিবাদ (জায়নবাদ) তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। ‘ মানবিক মূল্যবোধ রক্ষায় যারা কাজ করছে, ইসরাইল তাদেরও লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের যথাযথ জবাব দিচ্ছে না বলেও সমালোচনা করেন এরদোগান।
কয়েক সপ্তাহ আগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরাইলি বিমান হামলার পর এমন মন্তব্য করলেন এরদোগান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় দাবি করেছিলেন, ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকাতেই হামলা চালানো হয়েছে।
আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৪
