আন্তর্জাতিক ডেস্ক : মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলতে কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারসহ একাধিক শর্ত দিয়েছে দেশটি।
এদিকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। হরমুজ ইস্যুতে ইরান ও ওমানের মধ্যেও একটি সমঝোতার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে দুই দেশ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি করিডর তৈরিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। মার্কিন প্রশাসনের এক সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইরান-ওমানের চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, হরমুজ প্রণালি খোলা রয়েছে, মাইন সরিয়ে ফেলা হয়েছে; তবে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা নির্ধারিত নেই এবং ইরানের ওপর নৌ অবরোধও বহাল রয়েছে। ফলে মধ্যস্থতাকারীদের তৎপরতার মধ্যেও হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্য এখনো স্পষ্ট।
আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:২৫
