আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও কাতারের সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ পেছনে ফেলে আবারও দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা স্বাভাবিকভাবে শুরু হতে পারে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। পেজেশকিয়ান বলেন, ‘ইরানি জনগণের সব আইনগত অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান তার আইনগত অধিকারের বাইরে কিছু চায় না এবং কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।’তিনি বলেন, ‘ইরান ও কাতার এর আগে বেশ কিছু যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছিল।
কিন্তু যুদ্ধের কারণে এসব চুক্তি বাস্তবায়ন পিছিয়ে যায় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।’পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠুক—ইসরাইল তা চায় না। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক উত্তেজনা ও কঠিন পরিস্থিতি কাটিয়ে ইরান ও কাতার আবারও পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের পথে এগিয়ে যেতে পারবে।
আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:০৪