স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেটের দুই কিংবদন্তি বীরেন্দ্র শেবাগ ও রাহুল দ্রাবিড়ের সন্তান এবার একই ড্রেসিংরুমে থাকার সুযোগ পাচ্ছেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অনভয় দ্রাবিড়।
শেবাগপুত্র আর্যবীরের জন্য এটি প্রথমবার ভারত অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ার ঘটনা। ডানহাতি এই ব্যাটারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে।
অন্যদিকে, গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটে অভিষেক হওয়া অনভয় দ্রাবিড়ও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে স্কোয়াডে থাকছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলবে ভারত—তিনটি ওয়ানডে ও দুটি মাল্টি-ডে ম্যাচ। রাজকোটে ১৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ সেপ্টেম্বর।
ওয়ানডে সিরিজের পর রাজকোটেই ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রথম মাল্টি-ডে ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ৫ থেকে ৮ অক্টোবর।
ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লক্ষ্য রাইচান্দানি। তার ডেপুটি হিসেবে থাকবেন যশবর্ধন চৌহান। মাল্টি-ডে ম্যাচে দায়িত্বের অদলবদল হবে—চৌহান অধিনায়ক এবং রাইচান্দানি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
ভারতীয় দলে ডাক পাওয়ার আগেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন আর্যবীর শেবাগ। ২০২৪ সালের কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩০৯ বলে ২৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। পরের আসরেও ব্যাট হাতে ছিলেন সফল, করেছিলেন ৪৯৬ রান। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন এই তরুণ।
রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয়ও বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬৭ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে ভিনু মানকড় ট্রফিতে ছয় ইনিংসে ২২০ রান করে নিজের সামর্থ্যের জানান দেন এই উইকেটকিপার-ব্যাটার।
ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে শেবাগ ও দ্রাবিড়ের উত্তরসূরিদের একই দলে দেখার অপেক্ষায় এখন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।
ভারত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল
লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল, আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড়, ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা, কাব্য প্যাটেল।
ভারত অনূর্ধ্ব-১৯ মাল্টি-ডে দল
যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচন্দানি, (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ, অভিপ্রায় বিশ্বাস, রোহিত যাদব, ইশান ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা, আরিয়ান যাদব।
আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০০
