আর্সেনালে যেতে রাজি আলভারেজ

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ - ০৪:০৫:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে ইউরোপীয় ফুটবলের দলবদল দারুণ জমে উঠেছে। ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচার দৌড়ঝাঁপে বেশ কিছু বড় খবরের গুঞ্জন এখন তুঙ্গে। আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে আর্সেনাল, অন্যদিকে বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদের দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিবিসি হাউসার প্রতিবেদন, ২৬ বছর বয়সি আলভারেজ স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলায় তিনি নতুন ঠিকানা খুঁজছেন। এতদিন তার প্রথম পছন্দ বার্সেলোনা হলেও বর্তমান পরিস্থিতিতে তিনি ইংল্যান্ডের ক্লাব আর্সেনালে যোগ দিতে রাজি আছেন বলে জানা গেছে। আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা ও স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বের্তা দীর্ঘদিন ধরেই আলভারেজের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। 
বার্সেলোনার ২২ বছর বয়সি স্প্যানিশ লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তরুণ এই ডিফেন্ডারকে নিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে তীব্র আগ্রহ দেখিয়েছে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বালদের সামনে বার্সেলোনায় থেকে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগও খোলা রয়েছে। ম্যানচেস্টার সিটির মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে ভেড়াতে পুরোপুরি আত্মবিশ্বাসী উত্তর লন্ডনের ক্লাব টটেনহাম হটস্পার। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, এই চুক্তির ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়া সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর অ্যাস্টন ভিলা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইংলিশ স্ট্রাইকার অলি ওয়াটকিন্স।

স্প্যানিশ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়াকে ফুলহামের কাছে বিক্রি করে দেওয়ার পর রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিককে লিভারপুলের কাছে ছাড়বে না। অন্যদিকে চেলসির ২২ বছর বয়সী ইংলিশ উইঙ্গার জেমি বাইনো-গিটেন্সকে ধারে দলে ভেড়াতে চেয়েছিল ইতালিয়ান ক্লাব রোমা, তবে চেলসি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে।

 

 

আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad