সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক

Ayesha Siddika | আপডেট: ২২ আগস্ট ২০২৬ - ০৫:৩৩:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে একটি কার্গো জাহাজ জিম্মি করেছে জলদস্যুরা।  জাহাজটিকে থাকা ১০ নাবিকদের মধ্যে অন্তত ৬ জন ভারতীয়।  ক্যামেরুনের পতাকাবাহী ‘লুতুফ’ নামের জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে জলদস্যুরা ছিনতাই করে।  

জাহাজটিতে ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান নাগরিক এবং দুইজন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন। কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, জলদস্যুরা এর আগে গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল। 

জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র এবং যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল। জাহাজটির মালিক ‘পোলার মুভমেন্ট শিপিং’নামের একটি প্রতিষ্ঠানের। এ ঘটনায় এখন পর্যন্ত ভারত ও তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

আয়শা/২২ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad