শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

Anima Rakhi | আপডেট: ২২ আগস্ট ২০২৬ - ০৫:০৩:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে টিকটক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবিসি লিখেছে, শিশুদের গোপনীয়তা নিয়ে কোনো মামলায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিষ্পত্তির অঙ্ক।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ২০২৪ সালে বিচার বিভাগ এই মামলা করে। এতে অভিযোগ করা হয়, টিকটক ও এর মূল কোম্পানি বাইটড্যান্স ১৩ বছরের কম বয়সী লাখ লাখ ব্যবহারকারীর কাছ থেকে ‘বিপুল পরিমাণ তথ্য’ সংগ্রহ করেছে।

যুক্তরাষ্ট্রের ২০০০ সালের ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’অনুযায়ী, ১৩ বছরের কম বয়সি শিশুদের তথ্য নিতে বাবা-মায়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

মামলায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি তরুণ ব্যবহারকারী থাকার পরও টিকটক তাদের বয়স সঠিকভাবে যাচাই করেনি এবং অভিভাবকদের অনুমতি ছাড়াই শিশুদের তথ্য সংগ্রহ করেছে।

তবে মামলা নিষ্পত্তির পর মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, “মামলাটি যখন শুরু হয়েছিল, তার চেয়ে আজকের দিনে শিশু ও তাদের অভিভাবকরা অনেক বেশি সুরক্ষিত।”

সমঝোতার শর্ত অনুযায়ী টিকটক ও বাইটড্যান্সকে এই অর্থ দুই ধাপে পরিশোধ করতে হবে। প্রথম ধাপে মার্কিন বিচার বিভাগকে অবিলম্বে ৩০ কোটি ডলার দিতে হবে। দ্বিতীয় ধাপে ২০১৯ সালে টিকটকের পূর্বসূরি অ্যাপ ‘মিউজিক্যালি’-র একটি পুরোনো চুক্তি বাতিল করা হলে দেওয়া হবে বাকি ১০ কোটি ডলার।

চুক্তির শর্তাবলীর অধীনে, টিকটক এবং বাইটড্যান্স অবিলম্বে ন্যায়বিভাগকে ৩০০ মিলিয়ন ডলার প্রদান করবে। ফেডারেল ট্রেড কমিশনের সঙ্গে সরকারের ২০১৯ সালের একটি সম্মতি আদেশ বাতিল করলে টিকটক আরও ১০০ মিলিয়ন ডলার দেবে।

এ আইন ভঙ্গের দায়ে এর আগেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জরিমানা গুনতে হয়েছে। ২০১৯ সালে গুগলের ইউটিউব ১৭ কোটি ডলার এবং ২০২২ সালে ভিডিও গেম নির্মাতা এপিক গেমসকে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

একই আইন লঙ্ঘনের দায়ে মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম) বিরুদ্ধেও মার্কিন আদালতে বিচার চলছে, যেখানে তাদের শত শত কোটি ডলার জরিমানের ঝুঁকি রয়েছে। মামলা দায়েরের পর থেকে টিকটকের মালিকানা ও নিরাপত্তা নীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ৮১ শতাংশ শেয়ার স্থানীয় বিনিয়োগকারীদের হাতে এবং ১৯ শতাংশ বাইটড্যান্সের নিয়ন্ত্রণে। তবে এই সমঝোতাটি মূলত বাইটড্যান্সের চীনা কার্যক্রমের অংশের সঙ্গে সম্পর্কিত। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৫০ বিলিয়ন ডলার।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/বিকাল ৫:০৩

▎সর্বশেষ

ad