আলমগীর মানিক, রাঙামাটি : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বীর শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের শহীদ মিনার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
পার্বত্য চট্টগ্রামের ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আসরাফি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব- বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতিসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারী-বেসরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
প্রথমে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত সকলে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে চিরকাল অনুপ্রেরণা জোগাবে। তাঁদের আত্মদান দেশের ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশাসনের কর্মকর্তারা বলেন, জাতির সংকটময় সময়ে যারা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা আরও শক্তিশালী হবে। দিবসটি উপলক্ষে রাঙামাটি শহরে শান্ত, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সম্মান জানান। পুরো কর্মসূচি জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহ।
আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৫০
