স্পোর্টস ডেস্ক : লিভারপুলের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টেনে এবার নতুন ঠিকানায় যাচ্ছেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পর-এর সঙ্গে চুক্তির আলোচনা চলছে বলে জানিয়েছে ক্লাবটি।
মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাবজোনস্পর জানায়, সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছাবেন। এরপর তিনি ট্রাবজোন শহরে গিয়ে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দুই বছরের চুক্তিতে সম্মতি জানিয়েছেন।
লিভারপুল ছাড়ার পর সালাহ ছিলেন ফ্রি এজেন্ট। ফলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে নেওয়ার সুযোগ পেয়েছে তুর্কি ক্লাবটি।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। অ্যানফিল্ডে নয় মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন তিনি। এ সময়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপসহ একাধিক শিরোপা।
ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন সালাহ। চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।
লিভারপুল ছাড়ার পর সৌদি প্রো লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইউরোপেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিশরীয় এই তারকা। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করেছে ট্রাবজোনস্পর।
লিভারপুলের হয়ে শেষ মৌসুমে আগের মতো ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সালাহ। এক পর্যায়ে তাকে টানা কয়েক ম্যাচে মূল একাদশের বাইরে রাখা হয়। এরপর ক্লাবের সঙ্গে সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।
সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে মিশরের নেতৃত্বও দিয়েছেন সালাহ। তার নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে মিশর।
সূত্র: ইএসপিএন
কিউটিভি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:২০
