আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোয় হামলা চালালে তার জবাব দিতে তেহরান একটি ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করেছে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজকে ওই কর্মকর্তা জানান, ইরানের অবকাঠামোয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরকে তারা ‘উন্মত্ততা’ হিসেবে দেখছেন। তবে এমন হামলা হলে তার জবাব দেওয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ইরানের পাল্টা পরিকল্পনায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ৪০ দিনের যুদ্ধ এবং পরবর্তী কয়েক সপ্তাহে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা ও পাল্টা জবাব দেওয়ার দৃঢ়তা ইতোমধ্যে প্রমাণ করেছে।
ইরানের এই বক্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একাধিক হুমকির পর। ট্রাম্প অভিযোগ করে আসছেন, পরমাণু ইস্যুতে তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে অতিরিক্ত সময় নিচ্ছে। এ কারণে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ বিভিন্ন অবকাঠামোয় নতুন করে হামলার নির্দেশ দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের সময়ও ইরানের অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে এসব হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছিল।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ের হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা ও বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি স্কুলে হামলায় ১৬০ জনের বেশি ছাত্রী নিহত হওয়ার দাবি করা হয়েছে। তেহরানে হাসপাতাল, আবাসিক এলাকা ও একটি সিনাগগেও হামলার অভিযোগ করেছে ইরান।
কিউটিভি/অনিমা/০১ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৩০
