ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২৬ - ০৯:৪৩:১৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বুধবার রাতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘ট্রেড অ্যাক্ট’-এর ৩০১ নম্বর ধারার আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এক বিবৃতিতে জানায়, এক বছরব্যাপী তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য, শুল্কনীতি, মেধাস্বত্ব সুরক্ষা, ইথানল ব্যবহারের সুযোগ এবং বন উজাড়–সংক্রান্ত নীতিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেমিসন গ্রিয়ার বলেন, মার্কিন শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠান যাতে ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পায়, সে জন্য ব্রাজিলের ‘অন্যায্য’ বাণিজ্যনীতির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি বলেন, গত এক বছরে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে ভবিষ্যতেও আলোচনার সুযোগ খোলা থাকবে বলে জানান তিনি।

এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, কয়েক মাস ধরে চলা আলোচনায় অগ্রগতি না হওয়ায় ব্রাজিলের কিছু পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল দক্ষিণ আমেরিকার দেশটি।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করেনি। তাঁর ভাষ্য, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশের স্বার্থের চেয়ে নিজের অবস্থানকে বেশি গুরুত্ব দিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। প্রেসিডেন্ট লুলার কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ব্রাজিলীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের জন্য নেতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/সকাল ৯:৫৫

▎সর্বশেষ

ad