নারী দলের সাবেক উইকেটকিপারকে পুরুষদের ফিল্ডিং কোচ বানাল ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৬ - ১২:৪০:৩৪ পিএম

স্পোটস ডেস্ক : গত শীতে ইংল্যান্ড লায়ন্স দলে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে বিস্তর কাজ করা টেইলরকে স্বল্পমেয়াদি ভিত্তিতে দলে আনা হয়েছে। কারণ নিয়মিত ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বে রয়েছেন।

এই গ্রীষ্মে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার পর ইংল্যান্ড পুরুষ দলের ক্রিকেট পরিচালক রব কি টেইলরের এই ভূমিকার বিষয়টি নিশ্চিত করেন। আগামী সপ্তাহে ৩৭ বছরে পা দিতে যাওয়া টেইলরের জন্য এটি আরেকটি ঐতিহাসিক মুহূর্ত।

খেলোয়াড়ি জীবনে টেইলরকে নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের সেরা উইকেটকিপারদের একজন হিসেবে ধরা হতো। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন এবং ২০১৭ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন টেইলর। এর আগে পুরুষদের ক্রিকেটে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং ম্যানচেস্টার অরিজিন্যালসের সঙ্গে কাজ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, সিনিয়র পুরুষ আন্তর্জাতিক দলে কোচ হিসেবে কাজ করা প্রথম নারী কোচ হতে যাচ্ছেন টেইলর।

রব কি বলেন, ‘আমি মনে করি সে তার কাজে সেরাদের একজন। সে অসাধারণ কাজ করেছে এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে অনেক কাজ করেছে। তারা দুজনই তার ব্যাপারে ভীষণ প্রশংসা করেছে। আমরা যা দেখেছি, তাতে সে এই পেশার অন্যতম সেরা।’

ইংল্যান্ড দলে তার উপস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অ্যাশেজে দলের দুর্বল ফিল্ডিংয়ের কারণে। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হেরেছিল এবং পুরো সিরিজে তারা ১১টি ক্যাচ ফেলেছিল, প্রায় প্রতি পাঁচটির একটি সুযোগ নষ্ট হয়েছিল। বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছাড়া অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সিদ্ধান্তও পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসিবি।

অ্যাশেজের পর হপকিনসনকে আবার ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ট্রয় কুলিও বোলিং কোচ হিসেবে ফেরেন। ২০২২ সালে জন লুইস পদ ছাড়ার পর তিনিই প্রথম পূর্ণকালীন বোলিং কোচ।
তবে রব কি জানান, ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে হপকিনসনের আইপিএল দায়িত্ব টেইলরের জন্য এই ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘টেইলরের কাজের ধরন দেখে আমরা অবিশ্বাস্যভাবে মুগ্ধ। কার্ল হপকিনসন বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করছে। আধুনিক ক্রিকেটে এটাই বাস্তবতা। ভবিষ্যতে আমরা আবারও তাকে ব্যবহার করব, তবে এই সিরিজে নয়।’

 

আয়শা/১৪ মে ২০২৬,/দুপুর ১২:৩৩

▎সর্বশেষ

ad