২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ - ০৮:৪২:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স পাকিস্তানে যাচ্ছেন না।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদে নতুন দফা আলোচনার প্রস্তুতি চলছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে এই বৈঠকে ভ্যান্স অংশ নেবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।
তার পরিবর্তে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেবেন। উল্লেখ্য, আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।
আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, কয়েকটি ফ্যাক্টরের ভিত্তিতে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের দুটি ভারী এয়ারলিফট এয়ারক্রাফট (সি-১৭ গ্লোবমাস্টার) ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে।
এছাড়াও বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন বুকিং বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল, ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম বৈঠকে ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এবারের দফায় তাকে দেখা যাবে না।

 

 

আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad