
ডেস্ক নিউজ : বড়োসড়ো স্বস্তি ফিরলো স্বর্ণ ও রূপার বাজারে। এক ধাক্কায় অনেকটা দাম কমলো বহুমূল্য এই দুই ধাতুর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট থেকে শুরু করে সব ধরনের স্বর্ণের দাম কমানো হয়েছে।
ৎএদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন এক বার্তায় জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে চার হাজার ৪৩২ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে চার হাজার ১৯৯ টাকা কমিয়ে দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার ৬১৬ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৫ হাজার ২৮৯ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি এখন রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা কমিয়ে পাঁচ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম ১১৬ টাকা কমিয়ে চার হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে তিন হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি এক লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। চলতি বছরের ২২ জানুয়ারি আড়াই লাখ টাকা পেরিয়ে যায় স্বর্ণের দাম। এরপর ২৯ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিলো।
আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৪৩






