
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে বিশ্বের জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে।
তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালি খুলে না দেয় তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করার হুমকি দিয়েছেন ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘অনেক অগ্রগতি হয়েছে; কিন্তু যদি কোনো কারণে দ্রুতই কোনো চুক্তিতে পৌঁছানো না যায়; যা সম্ভবত হবে এবং যদি হরমুজ প্রণালি অবিলম্বে ‘বাণিজ্যের জন্য উন্মুক্ত’ করে দেওয়া না হয়, তাহলে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ বোমা মেরে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে সেখানে আমাদের এই চমৎকার ‘অবস্থান’ শেষ করব। যেগুলোতে আমরা এতদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘হাত দেইনি’।
পুরানো শাসনের ৪৭ বছরের ‘সন্ত্রাসের রাজত্বে’ ইরান আমাদের যে অসংখ্য সেনা এবং অন্যান্যদের নৃশংসভাবে হত্যা করেছে, এটি হবে তার প্রতিশোধ। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ৩১তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।
সূত্র : আল-জাজিরা।
অনিমা/৩০ মার্চ ২০২৬,/রাত ৯:৫৫






