
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে ইরান।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা অফিসগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে।
তবে এই সম্ভাব্য লক্ষ্যবস্তুর বিষয়ে তারা কোনও নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ার ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি সামরিক স্থাপনা ছাড়িয়ে জ্বালানি, যোগাযোগ ও প্রযুক্তি অবকাঠামোর ওপর ছড়িয়ে পড়ে, তাহলে তা পুরো অঞ্চলের অর্থনীতি ও ডিজিটাল অবকাঠামোর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। কারণ উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার ও আঞ্চলিক অফিস রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
অনিমা/১২ মার্চ ২০২৬,/সকাল ১০:৩৩





