
স্পোর্টস ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের। চীনের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে মিলি আক্তারের। বাংলাদেশ শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে গেলেও মিলির চোখধাঁধানো গোলকিপিং বেশ প্রশংসিত হচ্ছে। তরুণ এই গোলকিপার অনেকটাই মার্কিন কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। কোরিয়া ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন বাটলার।
এদিন মিলির প্রশংসায় বাটলার বলেন, ‘গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না।’

বাটলার আরও যোগ করেন, ‘চীন ম্যাচের আগে ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমাকে এই সিদ্ধান্তের কোনো কৈফিয়ত দিতে হবে না (মিলিকে একাদশে নেওয়া)। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে গোলকিপিংয়ে বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। এটা করা আমার কাজ নয়; আমি যা করতে পারি, তা হলো নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মতো সাহসী হওয়া।’
আয়শা/০৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৩






