
স্পোর্টস ডেস্ক : হারলেই বিদায় নিশ্চিত। জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ। এমন কঠিন সমীকরণ ভারত ও উইন্ডিজের সামনে। ২ পয়েন্ট করে নিয়ে গ্রুপ-১ এ দ্বিতীয় ও তৃতীয় পজিশনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে খেলাটি শুরু হবে। দুই দলই দুইবার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচটি বাড়তি গুরুত্ব পেয়েছে। যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে, ফলে লড়াইটি অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে।
এই গ্রুপে ইতোমধ্যে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জিতে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ভারত গ্রুপপর্বে ছিল অপরাজিত। তবে সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যায় দলটি।
পরে জিম্বাবুয়েকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকে তারা। দুই দলেরই সুপার এইটে সমান ২ পয়েন্ট থাকায় শেষ ম্যাচেই নির্ধারিত হবে ভাগ্য। এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৩০ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে এগিয়ে ভারত, তাদের জয় ১৯টি; ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত।
আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২১






