
আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র ফুটে উঠেছে।
জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাগরিকদের এই মতামত স্পষ্টত রাজনৈতিক মেরুকরণের ওপর ভিত্তি করে বিভক্ত। ডেমোক্র্যাটদের ৯০ শতাংশই মনে করছেন এক বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক খারাপ। অন্যদিকে, রিপাবলিকানদের ৮২ শতাংশ মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে।
তবে উদ্বেগের বিষয় হলো, সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে ৪৩ শতাংশ নাগরিক চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২ শতাংশে।
পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাত্র ২৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করছেন। সবচেয়ে বড় চমক দেখা গেছে ট্রাম্পের নিজস্ব দলের সমর্থকদের মধ্যে। রিপাবলিকান বা রিপাবলিকানপন্থী নাগরিকদের মধ্যে তার মানসিক সুস্থতা নিয়ে আস্থায় চির ধরেছে।
গত বছর যেখানে ৭৫ শতাংশ রিপাবলিকান তাকে কাজের জন্য মানসিকভাবে উপযুক্ত মনে করতেন, এখন তা কমে ৬৬ শতাংশে নেমেছে। একইভাবে, প্রশাসনিক ক্ষেত্রে তার নৈতিকতা বজায় রাখার বিষয়েও দলীয় সমর্থকদের সমর্থন ৫৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০





