
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নতুন শুল্কনীতি নিয়ে আবারও উত্তাল বিশ্ব বাণিজ্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নির্বাহী সংস্থা ‘ইউরোপীয় কমিশন’ তাদের পণ্যের ওপর নতুন কোনও শুল্ক আরোপ না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় কমিশন একইসঙ্গে ট্রাম্পকে তার বর্তমান বাণিজ্য অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের এর আগে আইইইপিএ আইনে আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করে রায় দেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প অন্য একটি আইনের মাধ্যমে বিশ্বজুড়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং একদিন পর ২১ ফেব্রুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন।
২২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন ট্রাম্পের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ‘পূর্ণ স্বচ্ছতা’ দাবি করেছে। কমিশন আরও বলেছে, বর্তমান পরিস্থিতি ২০২৫ সালের আগস্টে ইইউ-মার্কিন যৌথ বিবৃতিতে দেওয়া ‘ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী’ বাণিজ্যের প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ নয়।
বিবৃতিতে বলা হয়, “কমিশন সর্বদা নিশ্চিত করবে যেন ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকে। ইইউভুক্ত কোম্পানি এবং রফতানিকারকদের অবশ্যই ন্যায্য আচরণ, পূর্বাভাসযোগ্যতা এবং আইনি নিশ্চয়তা দিতে হবে।”ইউরোপীয় কমিশনের মতে, আগে সম্মত হওয়া নির্দিষ্ট সীমার বাইরে তাদের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করা উচিত নয়।
ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, বাকি বিশ্ব যুক্তরাষ্ট্রকে ‘ঠকাচ্ছে’। তার মতে, দেশীয় উৎপাদকদের রক্ষা করতে এবং তথাকথিত অসাধু বাণিজ্য মোকাবিলায় ব্যাপক শুল্ক আরোপ প্রয়োজন।
এছাড়া তিনি বাণিজ্যকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছেন; ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করার মার্কিন পরিকল্পনায় যারা বিরোধিতা করবে, সেই সব ইউরোপীয় দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন ট্রাম্প।
সূত্র: রয়টার্স, আরটি
আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:২০





