
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড়ের মধ্যে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
উদ্ধার কর্মকর্তারা জানান, উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে ঘটে যাওয়া এই তুষারধসে চাপা পড়ে নিহত আটজন স্কিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেভাডা কাউন্টি শেরিফ শ্যানন মুন বলেন, নবম একজন স্কিয়ার এখনও নিখোঁজ রয়েছেন। তবে তাকে মৃত বলেই ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ধারকর্মীদের মধ্যে। কারণ, নিহতদের একজন ছিলেন অনুসন্ধান ও উদ্ধার দলের এক সদস্যের জীবনসঙ্গী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে। শুরুতে ১৫ জন স্কিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দফতর।
শেরিফ দফতরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস বলেন, শেরিফ দফতর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগের একটি দল যৌথভাবে এলাকাটিতে তল্লাশি চালায়। সূত্র: বিবিসি, আল-জাজিরা
অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:৩৩





