
স্পোর্টস ডেস্ক : রোববার (৯ নভেম্বর) মংককের মিশন রোড গ্রাউন্ডে কুয়েতকে ৪৩ রানে হারিয়ে হংকং সিক্সেসের এবারের আসরের শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান।
ওপেনার আব্দুল সামাদের ১৩ বলে ৪২ এবং অধিনায়ক আব্বাস আফ্রিদির ১১ বলে ৫২ রানের ঝড়ে ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৫.১ ওভারে ৯২ রানে থামে কুয়েত। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মাজ সাদাকাত ৩ উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ম্যাচেও কুয়েতকে ৪ উইকেটে হারিয়ে আসর শুরু করেছিল পাকিস্তান। এরপর অবশ্য কিছুটা ছন্দ হারিয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ডিএলএস মেথডে ২ রানে হেরে বসে পাকিস্তান। এরপর কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেট ও সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ১ রানে হারিয়ে ফাইনালে ওঠে। হংকং সিক্সেসে এটি পাকিস্তানের ষষ্ঠ শিরোপা। কুয়েতও দারুণ টুর্নামেন্ট কাটিয়েছে। ফাইনালে ওঠার পথে ভারত, আফগানিস্তান এবং ইংল্যান্ডকে হারায় তারা।
আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪






