
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে টেস্ট সিরিজে উড়িয়ে দিয়ে দারুণ ছন্দে থেকেই নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। কিন্তু কিউই পেসারদের সামনে একদমই মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক ব্যাটিং লাইন-আপ। টেস্ট ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে।
বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় দিন মেঘলাচ্ছন্ন আকাশের নিচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঘরের মাঠে সর্বনিম্ন দলীয় সংগ্রহে গুটিয়ে গেছে রোহিত শর্মার দল। ইনিংসের স্থায়ীত্ব ছিল ৩১ ওভার ২ বল। এর আগে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে ৭৫ রানে অলআউট হয়েছিল দলটি।
নিউ জিল্যান্ড পেসারদের তোপে স্বাগতিকদের পাঁচ ব্যাটার ফেরেন কোনো রান না করেই। ১৩ ওভার ২ বলে ১৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। উইলিয়াম ওরোর্ক নেন ৪ উইকেট। টিম সাউদির শিকার একটি। ব্যাটিংয়ে নামার পর থেকেই সাউদি-হেনরিদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও রোহিত। সপ্তম ওভারে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে ভারত অধিনায়ককে বোল্ড করে ৯ রানের এই জুটি ভাঙেন টিম সাউদি।
কোহলি ছাড়াও শূন্য রানে সাজঘরে ফেরেন সরফারাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৩৬ রান। ২০২০ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ ওভার ২ বলে গুটিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয় সর্বনিন্ম সংগ্রহটি আসে ১৯৭৪ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে। সেবার ৪২ রানে অলআউট হয় ভারত। ইনিংসের স্থায়ীত্ব ছিল ১৭ ওভার।
কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:০০






