
স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে শেষ টেস্ট খেলার উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সেখান থেকে তার রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশের উদ্দেশে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে তাকে ফ্লাইট বাতিল করার পরামর্শ দিয়েছে বিসিবি।
সূত্রের মাধ্যমে জানা গেছে, বৃহস্পতিবার সাকিবের সঙ্গে একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়ে দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইট বাতিল করে দিয়েছেন সাকিব।
এর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ চলাকালীন টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই ওই ফরম্যাটে তার শেষ বলে অভিহিত করে সাকিব জানান, নিরাপত্তা পেলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চান তিনি।
সাকিবের এই ঘোষণার পরপরই তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। এই ইস্যুতে দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে বিসিবি তার নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। তবে অনেক নাটকীয়তার পর ক্রীড়া মন্ত্রণালয় সাকিবকে নিরাপত্তা দিতে রাজি হয়।
সাকিবের দেশে ফিরতে বাধা নেই–যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন আশ্বাসের পর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দলে সাকিবকে রাখা হয়। তবে গত কয়েকদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাকিবকে দেশে ফেরানোর সিদ্ধান্তের কথা জেনে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। সাকিবের বিরুদ্ধে স্লোগান-ফেস্টুনে উত্তাল হয়ে উঠেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। এই অবস্থায় সাকিব নিজের দেশে ফেরার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
দেশে ফেরার বিষয় নিয়ে সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন সাকিব। সেখানে তিনি বলেন, ‘পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’ সাকিবের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বাংলাদেশে সহসাই ফিরছেন না তিনি। তাই দেশের মাটিতে অবসর নেয়ার স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা এই অলরাউন্ডারের, সেটা নিয়ে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে।
কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০






