
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলের নাগরিকদের ফিরিয়ে আনতে বারবার ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের ওপর সৃষ্ট ক্ষোভ থেকে সরকার বিরোধী বিক্ষোভ করছে ইসরায়েলের বিপুল সংখ্যক জনগণ। বিক্ষোভ চলাকালীন তেল আবিবে ১৬ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।
রোববার(৩১ মার্চ) সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েল পুলিশ বলেছে, গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপসারণের দাবিতে বিশাল বিক্ষোভ চলাকালীন তেল আবিবে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, যান চলাচলে বিঘ্ন ঘটানো এবং রাস্তা অবরোধের জন্য বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে।
এর আগে শনিবার থেকে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় আটক সকল জিম্মি মুক্তির দাবিতে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদ থেকে অপসারণের দাবিতে তেল আবিব, জেরুজালেম, সিজারিয়া, রানানা এবং হার্জলিয়াতে রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে, পুলিশের বাধা ভেঙে, রাস্তা বাধাগ্রস্ত করে এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে বিতণ্ডায় জড়িয়ে জনশৃঙ্খলা ব্যাহত করেছিল।
কিউটিভি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১:১২






