
ডেস্ক : যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিক্রিয়াশীল মনোভাব প্রকাশ করেছে। পুলিশ বাহিনী, সাংবাদিক এবং বিচার বিভাগ তাদের পুরোনো শত্রু। বিএনপি-জামায়াত কর্তৃক ‘পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও দেশপ্রেমিক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে’ রবিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, শনিবার রাজনৈতিক কর্মী হিসেবে আমরা রাজপথে ছিলাম। কেউ কেউ নিজের পেশাগত কাজে কাল রাজপথে বেড়িয়েছিল। আমরা সবাই রাতে নিজ নিজ বাসায় ফিরেছি, শুধু আমাদের পুলিশ ভাই বাসায় ফিরতে পারেন নাই। ফিরতে পারেন নাই তার পরিবারের কাছে। বিএনপি-জামাত নৃশংসভাবে পুলিশ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। গতকালকের ঘটনার মাধ্যমে বিএনপি-জামাতের পুরনো সন্ত্রাসী কর্মকাণ্ড বের হয়ে আসছে।
তিনি বলেন, সাংবাদিকদের তারা টার্গেট করে কারণ, সাংবাদিকরা জনগণের সঙ্গে রাজনীতিবিদদের সেতুবন্ধন হিসেবে কাজ করে। সাংবাদিকরা আমাদের সাধারণ জনগণের মুখপাত্র, তাই তারা বারবার সাংবাদিকদের আঘাত করে।
যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, বর্তমান পুলিশ বাহিনী তাদের চক্ষুশূল। কারণ, তারা পুলিশ বাহিনীকে কোথায় রেখে গিয়েছিল আরও আজ পুলিশ বাহিনী গর্বের সঙ্গে এ দেশের জঙ্গিবাদ নির্মূল করার মাধ্যমে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। তারা একটা জঙ্গিরাষ্ট্র রেখে গিয়েছিল। আজ সেই জঙ্গিবাদ এই দেশে থেকে প্রায় চিরতরে নির্মূল। বাংলাদেশের মানুষ, শিশুরা নিরাপদে বাসায় ঘুমাতে পারে। পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিএনপি-জামাত বারবার পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করে।
তিনি বলেন, বিচার বিভাগকে আঘাত করা তাদের পুরনো চরিত্র। আমরা ২০০৫ সালের ১৭ আগস্ট ভুলে যায়নি। সেই সিরিজ বোমা হামলায় তারা কিন্তু প্রেসক্লাব এবং বিচারালয়েও টার্গেট করেছিল। বিচারালয়ে তারা বোমাবাজি করে, যেন বিএনপি-জামাতের অত্যাচারের রায় তারা দিতে না পারে।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশ হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে পৃথক সমাবেশ হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে। এতে আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।
কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:০০






