
তথ্যপ্রযুক্তি ডেস্ক : রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক অনেক বেশি মানুষকে এমন দুর্লভ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। আপনিও যদি এমন অভিজ্ঞতা নিতে চান, আপনাকে গুনতে হবে সাড়ে ৪ লাখ ডলার। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভার্জিন গ্যালাকটিক তাদের প্রথম মহাকাশ পর্যটনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দিয়েছে। পর্যটকবাহী প্রথম মহাকাশ ফ্লাইট যাবে ১০ আগস্ট।
নিউ মেক্সিকোর স্পেসপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে ৯০ মিনিটের এই মহাকাশ ফ্লাইট শুরু হবে। এবারের যাত্রায় যাবেন ৩ জন। ভার্জিন গ্যালাকটিকের রকেটে করে মহাকাশ যাওয়ার অভিজ্ঞতা নিতে এখন পর্যন্ত ৮০০ জনের বেশি গ্রাহক তালিকাভুক্ত হয়েছেন। ধাপে ধাপে তাদেরকে সুযোগ দেয়া হবে। ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানটি একটি বড় বিমানের নিচে যুক্ত থাকে। পরে ৪৫ হাজার ফিট ওপরে গেলে পরিবহন বিমান থেকে রকেট ইঞ্জিনচালিত মহাকাশযান ‘ইউনিটি’ আলাদা হয়ে আরও ৫০ মাইল ওপরে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। আগস্টের মিশনটি একই উপায়ে সম্পন্ন হবে।
কিউটিভি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫৮






