অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ ও আগামীকাল আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
ডেস্ক নিউজ : দেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহের অবসান হয়েছে। রেকর্ড তাপমাত্রা আর দুঃসহ গরমে বিপর্যস্ত জনজীবনে গত কয়েক দিনের বৃষ্টি ফিরিয়ে এনেছে কিছুটা স্বস্তি। আজ সারা দেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দীর্ঘ তাপপ্রবাহের পর গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গায় বৃষ্টি ঝরেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ কালের কণ্ঠকে বলেন, ‘এপ্রিলের ২৭-২৮ তারিখ পর্যন্ত আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। এ সময় দেশের কোনো কোনো স্থানে সামান্য বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। এ সময় তাপমাত্রা বাড়লেও তা আগের অবস্থায় (তাপপ্রবাহ) ফিরে যাবে না। বৃষ্টি হলে ঠাণ্ডা লাগবে, না হলে গরম লাগবে। কিন্তু গরমের অনুভূতি অসহনীয় হবে না।’ তবে এপ্রিলের ২৮-২৯ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে ও তাপমাত্রা আবার কমে আসতে পারে বলে জানিয়েছেন বজলুর রশীদ। দেশজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থকে মাঝারি কালবৈশাখী ঝড় হতে পারে।
চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
গতকাল চুয়াডাঙ্গায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে জনজীবনে স্বস্তি ফিরেছে। গত ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গতকাল চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। [প্রতিবেদনে তথ্য দিয়েছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি]
কিউটিভি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৪
